ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের আলোচিত উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলমের বাড়ি বগুড়া জেলায়।
রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে কর্মদক্ষতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় সক্রিয় ভূমিকার কারণে তিনি ব্যাপক আলোচনায় আসেন।
বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী সময়ে রাজধানীর যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকাকেন্দ্রিক বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা প্রশংসিত হয়।
রমনা বিভাগের ডিসি হিসেবে যোগদানের আগে তিনি পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।
মাসুদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন।













