২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত কথিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক সিএমপি কমিশনার ও ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
এ বিষয়ে তার জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হয়। জলিল মণ্ডলের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।
মামলার নথি অনুযায়ী, ১১ বছর আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে সংঘটিত সহিংসতার সময় আবদুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।
গত ৩০ মার্চ রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৩১ মার্চ আদালতে হাজির করা হলে বিচারক মহিদুল হক আনাম চৌধুরীর একক বেঞ্চ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, শাপলা চত্বরের ওই ঘটনার প্রেক্ষিতে গত বছরের ৫ মে আবদুল জলিল মণ্ডলসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় তিনি দুই নম্বর আসামি।
ডিবি সূত্রে জানা গেছে, আবদুল জলিল মণ্ডল পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।














