চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইনে আটকে থাকা বালুভর্তি একটি পিকআপ ভ্যানে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর পিকআপটি ট্রেনের সঙ্গে আটকে থাকায় তা অপসারণে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দরবারটিলা এলাকার একটি ক্রসিং পার হওয়ার সময় বালুভর্তি একটি পিকআপ রেললাইনে আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি চলে এলে চালক ও হেলপার দ্রুত গাড়ি থেকে নেমে যান। পরে ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।
চিনকি আস্তানা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল ৯টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালুবোঝাই পিকআপের সংঘর্ষ হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পিকআপটি ট্রেনের সঙ্গে আটকে থাকায় এখনও সরানো সম্ভব হয়নি। ফলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি অপসারণের কাজ চলছে।’














