৯ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে বজ্রপাতে প্রাণ গেল কিশোরীর

লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে লিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাতধরুন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিমা ওই এলাকার আবদুর রব হাওলাদার বাড়ির ইউছুফ আলী খোকনের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের ক্ষেতে পরিবারের সদস্যরা সয়াবিন কাটছিলেন। তাদের দেখতে গিয়ে সয়াবিন ক্ষেতের আইলে বসেছিল লিমা। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে। পরে স্বজনরা দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, মাত্র চার মাস আগে মাকে হারায় লিমা। মাতৃহারা মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং লিমারও বিয়ে সম্পন্ন করেন। তবে স্বামীর সংসারে যাওয়ার আগেই নির্মমভাবে ঝরে গেল তার জীবন। লিমা পবিত্র কোরআনের হাফেজা ছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সাতধরুন এলাকার পরিবেশ।

নিহতের চাচা মো. নিজাম বলেন, ‌‘আমরা ক্ষেতে কাজ করছিলাম। লিমা পাশে এসে বসেছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই ও মাটিতে লুটিয়ে পড়ে।’

হাজিরহাট ইউনিয়নের স্থানীয় মেম্বার মো. আপেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে কিশোরীর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। অল্প সময়ের ব্যবধানে মা ও মেয়েকে হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।’

আরও পড়ুন