লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় অনিবন্ধিত মোটরযান, ত্রি-হুইলার, ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরযান চালানো এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ আগস্ট) উপজেলার মোস্তাফিজুর রহমান কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
এদিন বিভিন্ন অপরাধে মোট ৪১ জনকে ৪১টি মামলায় ১২ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান বলেন, অভিযানকালে সড়ক পরিবহন আইন মেনে চলতে সকলকে সচেতন করা হয়। এছাড়া মহাসড়কে ত্রি-হুইলার চলাচল করতে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রতিপালনের জন্য চালকদের নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












