চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেছেন, অতীতের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের মতো শিক্ষাঙ্গনে কোনো ধরনের নৈরাজ্য চলতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের যেকোনো সমস্যা-সংকটে পাশে দাঁড়াতে ছাত্রদলের নেতাকর্মীদের কাজ করতে হবে।
মঙ্গলবার (৩০ জুন) ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ, রাজনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ছাত্র রাজনীতির করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেক আজিজের সভাপতিত্বে এবং সদস্য সচিব মির্জা ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শরিফুল ইসলাম তুহিন বলেন, অতীতে ছাত্রলীগ ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশে অংশ নিতে বাধ্য করত। সেই ধরনের রাজনীতির পুনরাবৃত্তি যেন না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে ছাত্রদলকে সবসময় পাশে থাকতে হবে। প্রয়োজন হলে কলেজ প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের সমস্যার সমাধানে ভূমিকা রাখতে হবে।
তুহিন বলেন, ছাত্রদল আদর্শিক রাজনীতিতে বিশ্বাস করে। সংগঠনের মধ্যে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা অপকর্মে জড়িত ব্যক্তির স্থান হবে না। ছাত্রদলকে দেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।
সভায় কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।













