চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ করার জন্য আনা হয়েছে বিরল ধরনের একটি হেভি লিফট বা সেমি-সাবমার্সিবল ট্রান্সপোর্ট জাহাজ। ব্যতিক্রমী নকশার এই বিশাল জাহাজটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করছেন।
স্থানীয় সূত্র জানায়, জাহাজটি প্রচলিত কার্গো, তেলবাহী ট্যাংকার বা কনটেইনারবাহী জাহাজের মতো নয়। সামনে ও পেছনে টাওয়ারের মতো বিশাল কাঠামো থাকলেও মাঝের অংশটি সম্পূর্ণ খোলা ও সমতল ডেক। এমন নকশার জাহাজ এর আগে সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে খুব কমই দেখা গেছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের জাহাজ পানিতে আংশিক ডুবে গিয়ে নিজের ডেকের ওপর ভাসমান ভারী কাঠামো, বড় জাহাজ, সাবমেরিন কিংবা অফশোর তেল-গ্যাস প্ল্যাটফর্ম তুলতে সক্ষম। পরে ডেক থেকে পানি বের করে সেই ভারী মালামাল বহন করে দীর্ঘ সমুদ্রপথ অতিক্রম করে।
জানা গেছে, প্রায় ৪৮ হাজার টন ওজনের এই জাহাজটি একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিচিং করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এর ফিটিংস ও মূল্যবান যন্ত্রাংশ টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে। এরপর শুরু হবে জাহাজটি কেটে স্ক্র্যাপ করার কার্যক্রম।
তথ্যদাতা মামুনুর রশিদ জানান, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই ব্যতিক্রমী নকশার জাহাজ সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে আসে। তবে এত বড় সেমি-সাবমার্সিবল ট্রান্সপোর্ট জাহাজ স্থানীয়দের মধ্যে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে।
বাংলাদেশের একমাত্র শিপ ব্রেকিং শিল্পাঞ্চল হিসেবে পরিচিত সীতাকুণ্ডে এমন ব্যতিক্রমী জাহাজের আগমন শিল্পসংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের কাছেও ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।













