১৪ নভেম্বর ২০২৬

শুষ্ক মৌসুমে পানির সঙ্কট মোকাবিলায় ভাসমান ইনটেক বসাচ্ছে চট্টগ্রাম ওয়াসা

শীতের শেষ ভাগ থেকে গরমের শুরু— প্রতি বছর শুষ্ক মৌসুমে পানির সংকটে ভোগেন চট্টগ্রাম নগরীর বাসিন্দারা। কর্ণফুলী নদীতে পানির প্রবাহ কমে যাওয়া এবং হালদা নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় কমে যায় ওয়াসার পানি উৎপাদন। এতে দৈনিক ৮ থেকে ১০ কোটি লিটার সুপেয় পানির ঘাটতি তৈরি হয়। এ সংকট মোকাবিলায় এবার ভাসমান ইনটেক (Floating Intake) স্থাপনের পরিকল্পনা হাতে নিচ্ছে চট্টগ্রাম ওয়াসা।

ওয়াসা বলছে, বিশ্বের বিভিন্ন দেশে এ প্রযুক্তি ব্যবহৃত হলেও বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম ওয়াসা এ ব্যবস্থা চালুর উদ্যোগ নিচ্ছে। ধাপে ধাপে বিভিন্ন পানি শোধনাগারে ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে নদীর পানির স্তর ওঠানামা করলেও নিরবচ্ছিন্নভাবে পানি উত্তোলন সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।

ওয়াসা সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা এবং কর্ণফুলী নদীর পানিপ্রবাহের ওপর নির্ভর করে সংস্থাটির পানি উৎপাদন। নদীতে পানির প্রবাহ কমে গেলে রাঙ্গুনিয়ায় অবস্থিত ওয়াসার বৃহত্তম কর্ণফুলী-১ ও ২ পানি শোধনাগারের উৎপাদন কমে যায়।

একই সময়ে কর্ণফুলী নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় সমুদ্রের লবণাক্ত পানি হালদা নদীতে প্রবেশ করে। এতে হালদা নদীর তীরে অবস্থিত মোহরা ও মদুনাঘাট পানি শোধনাগারে উৎপাদন কমাতে হয়। লবণাক্ততার প্রভাবে বোয়ালখালীর ভান্ডালজুড়ি পানি শোধনাগারেও পানি উৎপাদন হ্রাস পায়।

ফলে জানুয়ারি থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত নগরীতে দৈনিক ৮ থেকে ১০ কোটি লিটার পানির উৎপাদন কমে যায়। এতে বিভিন্ন এলাকায় তীব্র পানির সংকট ও জনদুর্ভোগ তৈরি হয়।

যেভাবে কাজ করবে ভাসমান ইনটেক
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম ওয়াসায় ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়নে কাজও শুরু হয়েছে।

তিনি বলেন, ভাসমান ইনটেক এমন একটি পানি উত্তোলনব্যবস্থা, যা পানির স্তরের ওঠানামার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ওপরে-নিচে অবস্থান পরিবর্তন করতে পারে। বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে নদীর পানির স্তর কমে বা বেড়ে গেলেও পাম্প পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকে। ফলে পানির স্তর পরিবর্তনের কারণে পাম্প ডুবে যাওয়া বা পানি থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে না।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, প্রচলিত ব্যবস্থায় পানির গভীরতা পরিবর্তিত হলে পাম্পের অবস্থান পরিবর্তন কিংবা পাইপের দৈর্ঘ্য সমন্বয়ের প্রয়োজন হতে পারে। কিন্তু ভাসমান ইনটেক ব্যবস্থায় এসব জটিলতা অনেকটাই কমে আসবে। এ ছাড়া পানির উপরিভাগের ঠিক নিচ থেকে পানি উত্তোলন করায় তলদেশের কাদা, বালি ও পলি পাম্পে প্রবেশের আশঙ্কাও কম থাকবে। এতে পাম্পের যন্ত্রাংশের ক্ষয় কমবে এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ও সাশ্রয় হবে।

তিনি বলেন, মহানগরীতে শুষ্ক মৌসুমে পানি সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পরিকল্পনাটি বাস্তবায়ন করা হবে।

ওয়াসার কর্মকর্তাদের আশা, ভাসমান ইনটেক স্থাপন করা গেলে নদীর পানির স্তরের পরিবর্তনের মধ্যেও পানি উত্তোলনব্যবস্থা আরও কার্যকর রাখা সম্ভব হবে। এতে শুষ্ক মৌসুমে নগরবাসীর পানির সংকট কমাতে সহায়ক ভূমিকা রাখবে নতুন এ প্রযুক্তি।

আরও পড়ুন