২৪ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা, আপিলের সুযোগ ২৬ এপ্রিল পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন দলের প্রার্থীদের বৈধতা ঘোষণা করেছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র একজন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ জন প্রার্থীর মনোনয়নও বৈধ হিসেবে গৃহীত হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান জানান, স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, তিনি পূর্বে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। নির্বাচন বিধি অনুযায়ী, সরকারি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর কমপক্ষে তিন বছর অতিবাহিত না হলে প্রার্থী হওয়া যায় না। এই শর্ত পূরণ না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীরা ২৬ এপ্রিল পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। প্রার্থিতা বাতিলের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া কোনো আসন শূন্য থাকলে তা উন্মুক্ত করা হবে এবং সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করতে পারবে। প্রার্থিতা সংক্রান্ত কোনো অভিযোগ বা দাবি থাকলে সংশ্লিষ্টরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

আরও পড়ুন