২৪ অক্টোবর ২০২৬

সকালে নাস্তা, দুপুরেই লাশ— বিদ্যুতের ছোবলে প্রাণ গেল কলেজছাত্রের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক শাহ্ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান শাহ্ ওই এলাকার আব্দুল গফ্ফার শাহ্’র একমাত্র ছেলে। এক ছেলে ও এক মেয়ের মধ্যে হান্নান ছিলেন বড়। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, সকালে সুপারি গাছ কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছটি পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হন হান্নান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফাতো ভাই সাংবাদিক মো. ইমরান হোসাইন জানান, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকতেন। পরীক্ষা উপলক্ষে ছুটিতে বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার পরীক্ষা না থাকায় সকালে সুপারি গাছ কাটতে গেলে দুর্ঘটনার শিকার হন তিনি।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ