২০ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী রেললাইনে গাছ ফেলে বিক্ষোভ শুরু করে। পরে চারটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ছেলে আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অটোরিকশা চালক আব্দুস শুক্কুর (৪০)।

স্থানীয়রা জানান, আবু তাহের পেশায় মুদি দোকানি। তিনি দোহাজারী থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব কাটগড় রেলগেট এলাকায় অটোরিকশাটি রেললাইনে উঠে যায়।

এ সময় কক্সবাজার থেকে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু তাহের নিহত হন। গুরুতর আহত হন চালক আব্দুস শুক্কুর। পরে স্থানীয়রা আব্দুস শুক্কুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রেললাইনে গাছ ফেলে আটকে দেয়। পরে পুলিশ গিয়ে চারটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করে।

আরও পড়ুন