টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সিস্টেম গ্রুপ। সোমবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
সিস্টেম গ্রুপের উদ্যোগে ১১ জন গ্রুপ লিডারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম, ডা. আবুল কাশেম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবু জাফর কাদেরী, সিস্টেম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মিছবাহ উদ্দীন কাদেরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, বিএনপি নেতা সৈয়দ নুর এবং জাফর মেম্বার।


ত্রাণ বিতরণ শেষে মোহাম্মদ ফজলুল আজিম বলেন, গত আট দিনের টানা ভারী বর্ষণ ও বন্যায় সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। পানিবন্দী মানুষের খাদ্যসংকট ও নানামুখী দুর্ভোগ লাঘবে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই সিস্টেম গ্রুপ এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে দল-মতের ঊর্ধ্বে উঠে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ফজলুল আজিম বলেন, প্রতিবছর বন্যায় সাতকানিয়া-লোহাগাড়া অঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
পরে তিনি সাতকানিয়ার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।














