১৮ এপ্রিল ২০২৬

সিআরবিতে হাসপাতাল নয়; প্রকৃতি রক্ষায় ফের আন্দোলনের ডাক

চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ উন্মুক্ত প্রাকৃতিক পরিসর সিআরবিতে বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগের বিরুদ্ধে আবারও সরব হয়েছে পরিবেশবাদীরা। ‘সিআরবি বাঁচাও, চট্টগ্রাম বাঁচাও’ স্লোগানে সংগঠিত পরিবেশবাদী সংগঠন পিপলস ভয়েস এ উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রকল্প থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।

সংগঠনের সভাপতি শরীফ চৌহান ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, ‘চট্টগ্রাম শহরের প্রাণ-প্রকৃতির অন্যতম আশ্রয়স্থল এবং ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন সিআরবিতে পরিবেশবিরোধী কোনো স্থাপনা নির্মাণ চট্টগ্রামবাসী মেনে নেবে না।’ অতীতেও এ ধরনের উদ্যোগ জনবিক্ষোভের মুখে ব্যর্থ হয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতৃবৃন্দ বলেন, ‘সিআরবি শুধু একটি উন্মুক্ত জায়গা নয়, এটি চট্টগ্রামের পরিবেশগত ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ অংশ। নগরায়নের চাপে এমনিতেই শহরে উন্মুক্ত স্থান কমে গেছে। এই পরিস্থিতিতে নতুন করে বড় স্থাপনা নির্মাণ পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।’

তারা আরও বলেন, ‘পূর্বে জনমত উপেক্ষা করে সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলে টানা ৪৮৩ দিনের আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হয়েছিল, যা পরিবেশ রক্ষার আন্দোলনে একটি দৃষ্টান্ত হয়ে রয়েছে। প্রয়োজন হলে আবারও সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সিআরবির ঐতিহাসিক গুরুত্ব সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। এখানে নতুন স্থাপনা নির্মাণের পরিবর্তে উদ্যান ও প্রাকৃতিক পরিসর সংরক্ষণে উদ্যোগ নেওয়া জরুরি।’

তারা আরও জানান, জনমত উপেক্ষা করে যদি আবারও হাসপাতাল প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হয়, তবে চট্টগ্রামের মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

আরও পড়ুন