১ মে ২০২৬

সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের ৯ পুলিশ সদস্যের দেশসেরা পদক জয়

সাহসিকতা, পেশাগত দক্ষতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এ বাংলাদেশ পুলিশের ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে পদক প্রদান করা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও সংশ্লিষ্ট চট্টগ্রাম রেঞ্জ ইউনিট মিলিয়ে ৯ পুলিশ সদস্যও স্থান পেয়েছেন।

পদকপ্রাপ্ত চট্টগ্রামের সদস্যরা হলেন—ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ চট্টগ্রামের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ, সিএমপির বায়েজিদ বোস্তামী থানার সাবেক ওসি মো. জাহেদুল কবির, চকবাজার থানার ওসি মো. বাবুল আজাদ, হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মদ চৌধুরী, হাটহাজারী থানার এসআই রূপন নাথ, সিএমপি ডিবি (উত্তর) বিভাগের এসআই ফজলে রাব্বী কায়সার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩-এর কনস্টেবল আরিফুল আহম্মদ ও মো. মেরাজুল ইসলাম।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পদকপ্রাপ্তদের আগামী ২ মে বিকেল ৩টায় রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে মহড়ায় অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য ১০ মে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ পুলিশে সর্বোচ্চ সম্মাননা ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) এবং দ্বিতীয় সর্বোচ্চ ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম)।

এ পদকপ্রাপ্তরা এককালীন অর্থসহ মাসিক ভাতা পেয়ে থাকেন। প্রতি বছর দায়িত্ব পালনে অসামান্য অবদান ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের সদস্যদের এ সম্মাননা দেওয়া হয়।

এদিকে, পদকপ্রাপ্ত ১০৭ জনের পূর্ণাঙ্গ তালিকা সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে। তবে চলতি বছরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী কোনো সদস্য পদক পাচ্ছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তালিকায় দেশের বিভিন্ন ইউনিটের শীর্ষ কর্মকর্তাসহ পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, পরিদর্শক, এসআই ও কনস্টেবল পদমর্যাদার সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মহড়ার মাধ্যমে পদকপ্রাপ্তদের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং পুলিশ সপ্তাহের মূল আয়োজনে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়া হবে।

আরও পড়ুন