৩০ অক্টোবর ২০২৬

সিডিএ’র চেয়ারম্যান; কে এই ইঞ্জিনিয়ার বেলায়েত!

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার জারি হওয়া ওই প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই দায়িত্ব পালনের জন্য তাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ কার্যকর হবে এবং তা এক বছর পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে। তবে দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম নগরীর গনি বেকারি এলাকায় বসবাস করে আসছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি বিএনপির একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ওই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পান মোস্তফা কামাল পাশা।

ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের রাজনৈতিক জীবনের শুরু ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। ছাত্রজীবনে তিনি চট্টগ্রাম মহানগর ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৮৪ সালে তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। একই সময়ে তিনি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্বাচিত জেনারেল সেক্রেটারি (জিএস) হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৮৫ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পরও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকেন। ১৯৮৬ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উত্তর জেলা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনামলে বিএনপির আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, দলীয় সংগঠন শক্তিশালী করা এবং রাজপথের আন্দোলনে অংশ নেওয়ার কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলার কারণে তাকে কারাবাসও করতে হয়েছে।

বিএনপির নেতাকর্মীদের মতে, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ কারণে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে।

সিডিএ’র সামনে বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, আবাসন প্রকল্প, সড়ক নির্মাণ এবং নগরায়ণ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। দ্রুত বর্ধনশীল বন্দরনগরী চট্টগ্রামে যানজট নিরসন, জলাবদ্ধতা সমস্যা, পরিকল্পিত নগরায়ণ এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি সিডিএ।

নগর পরিকল্পনাবিদদের মতে, নতুন চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর গতি বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্পগুলোর বাস্তবায়ন তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে।

নগরবাসীর প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সিডিএ আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করবে এবং চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

আরও পড়ুন