১৭ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে ডেঙ্গুতে ৫ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিরাজুল মনিরা নামে ৫ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত মনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে তীব্র জ্বরে ভুগছিল শিশু মনিরা।

মঙ্গলবার তাকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে আনা হলে ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি করা হয়। পরদিন অবস্থার অবনতি হলে চমেকের আইসিইউতে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য ১০টি বিশেষ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সরকারি ওষুধপত্রও মজুত রয়েছে। চমেক হাসপাতালে শিশুটির মৃত্যুর বিষয়টি শুনেছি’।

এর আগে মঙ্গলবার সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাফসান মোহাম্মদ নামের এক যুবকের মৃত্যু হয়।

আরও পড়ুন