কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাতটার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে এ অভিযান চালানো হয়। ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ অভিযানটি পরিচালনা করে।
তিনি জানান, অভিযানে পাঁচটি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১০১ জন জেলেকে আটক করা হয়।
জব্দ করা বোট, জাল, মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
তিনি আরও বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।













