কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্কের সন্দেহে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন নারীকে আটক করেছে পুলিশ।
নিহত সানজিদা হক রেশমা (৩৫) কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার বাসিন্দা এবং তসলিম উদ্দিন ইমনের সাবেক স্ত্রী। তিনি সন্তানকে নিয়ে টেকপাড়ার জনতা সড়কের একটি ভবনে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কয়েকজন নারী রেশমার বাসায় প্রবেশ করে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ঘটনার সময় বাসায় উপস্থিত রেশমার ১২ বছর বয়সী ছেলে সাব্বির জানায়, হামলার সময় তার মায়ের সঙ্গে বাসায় আরও দুজন ব্যক্তি ছিলেন। পরে কয়েকজন নারী এসে তার মায়ের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে।
এ ঘটনায় আটকরা হলো— চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ইয়াছমিন আক্তার (৩৫), তার মেয়ে তানিশা সুলতানা (১৯) ও আসমাউল হুসনা (১৪)। তারা বর্তমানে কক্সবাজার সদরের পেশকারপাড়া এলাকায় বসবাস করেন।
স্থানীয়দের দাবি, রেশমার সঙ্গে এক ব্যবসায়ীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন ওই ব্যবসায়ীর স্ত্রী। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তিন নারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়া সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।’
ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।














