হাটহাজারী চট্টগ্রাম »
চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার আলিপুর আল আরাবিয়া ইসলামিয়া তালিমুল কুরআন নূরানী মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে মাদ্রাসার তৃতীয় তলায় টিনসেড শ্রেণীকক্ষে এ ঘটনা ঘটে। এসময় প্রায় ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে বুধবার মাদ্রাসা বন্ধ হয়ে যায়। তালাবদ্ধ অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ আগুনের ঘটনা ঘটে। টিনসেড হওয়ায় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে মাদ্রাসার ছাদের টিন, কিতাব, টুল-টেবিল, আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টা মানিকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই সব পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।
এদিকে মাদ্রাসা প্রধান মাওলানা জমির উদ্দিন বলেন, কিছুদিন আগে টর্নেডোয় মাদ্রাসার ছাদ (টিন) উড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছিল। ৪০/৫০ হাজার টাকা খরচ করে ঠিক করা হয়েছিল। এবার অগ্নিকাণ্ডে সব শেষ। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।














