২৩ অক্টোবর ২০২৬

৩,৫০০ কেজি চাল বিতরণ করেন সালাউদ্দীন আলী

হাটহাজারীতে মীর হেলালের পক্ষে বন্যাদুর্গতদের মাঝে চাল বিতরণ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের অসহায় ও পানিবন্দি পরিবারের মাঝে ৩ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নির্দেশনায় বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন সালাউদ্দীন আলী এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ত্রাণ বিতরণকালে লায়ন সালাউদ্দীন আলী বলেন, ‘প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনের নির্দেশনায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দুর্যোগের এই সময়ে কেউ যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে বন্যাদুর্গত পরিবারগুলোর পাশে থাকতে চাই।’

জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হালদা নদীর পানি বৃদ্ধি পেয়ে নাঙ্গলমোড়াসহ হাটহাজারীর কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে ইউপি সদস্য ছগির মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, মো. সেলিম উদ্দিন, মাহফুজুর রহমান, মহিলা প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম, ইউপি সদস্যা নিলুফার ইয়াসমিন, রাজনৈতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম মুন্সী, উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সেলিম হাসান, রবিউল আলম বুলবুল, তাজুল ইসলাম, বকতেয়ার ইসলাম বাচ্চু, যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, আহমেদ আরমান, গাজী রাসেল, চানমিয়া মাস্টারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ