চট্টগ্রামের হালদা নদী থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
নৌ পুলিশের সূত্রে জানা গেছে, শনিবার (১৭ মে) রাতে টহল ডিউটির সময় হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পে খবর আসে যে, নগরীর চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকার একটি প্রকল্প সংলগ্ন হালদা নদীতে এক নারীর মরদেহ ভাসমান অবস্থায় রয়েছে। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত নারীর বয়স আনুমানিক ৪০ বছর। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট। পরনে ছিল কমলা রঙের কামিজ ও পায়জামা। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহে আংশিক পচন ধরেছে এবং শরীর ফুলে গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পানিতে ডুবে মারা যেতে পারেন এবং ভেসে ঘটনাস্থলে এসে পৌঁছান। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশের ওসি মোহাম্মদ মিজানুর রহমান।














