সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত মূল্যের তুলনায় অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের সহকারী পরিচালক বিষাণ যোষকে। গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। পরবর্তী সময়ে ২৭ সেপ্টেম্বর অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে কমিশন।
এ ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ একটি মামলাও করেছেন। আদালত থেকে অভিযোগটি দুদকে পাঠানোর পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে সংস্থাটি।
এদিকে দুদকের অনুসন্ধানের খবরের মধ্যেই মাসরুর আরেফিনের বিদেশ সফর নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, অনুসন্ধানের বিষয়টি সামনে আসার পর তিনি দেশ ছাড়ছেন। তবে এ অভিযোগ নাকচ করে সিটি ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এটি পূর্বনির্ধারিত ও দাপ্তরিক সফর।
সিটি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানিয়েছেন, ২২ নভেম্বর অফিসিয়াল কাজে মিসরের রাজধানী কায়রো যাচ্ছেন মাসরুর আরেফিন। আগামী ৩০ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। এ সফরের জন্য যথাযথ অনুমতি নেওয়া হয়েছে এবং দুদককেও বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে দুদক সূত্রের দাবি, মাসরুর আরেফিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। রোববারের আগেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে দুদকের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।













