৩১ অক্টোবর ২০২৬

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয়

জশ ইংলিসকে আউট করেই হুঙ্কার ছুড়লেন নাহিদ রানা। অস্ট্রেলিয়ান অধিনায়ক ক্রিজ ছেড়ে যাওয়ার সময় প্রায় তেড়ে গেলেন তিনি, হাত উঁচিয়ে কিছু বললেনও। নিশ্চয়ই তা সুখকর কিছু নয়! ইংলিসও প্রায় ক্ষেপে গেলেন। যদিও পাত্তা খুব একটা পেলেন না। গোটা ম্যাচের একটি প্রতীকি চিত্র বলা যায় সেটিকে। ম্যাচের বেশির ভাগজুড়েই এভাবে বাংলাদেশের দাপটে বিশ্ব চ্যাম্পিয়নরা ছিল অসহায়।

ম্যাচের ফলাফলেও সেটির প্রমাণ। ওয়ানডে ইতিহাসের সফলতম দলকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করল বাংলাদেশ।

এই ম্যাচটিকে বলা যায় ‘অপেক্ষা অবসান রাঙানো পর্ব’। ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ এটি। সেখানেই ঘুচল ১৫ ম্যাচ ও ২১ বছর খরা। ২০০৫ সালে কার্ডিফের সেই ঐতিহাসিক জয়ের পর এই সংস্করণে জয় ধরা দিল এই প্রথম।

শেষ নয় এখানেই। এই জয়ের নায়ক যিনি, তারও বাস্তবতাও তো একই! প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন মোসাদ্দেক হোসেন। দলের নড়বড়ে সময়ে নেমে উপহার দিলেন ৭ চার ও ৩ ছক্কায় ৭০ বলে ৮৬ রানের ইনিংস। ফেরার দিনেই ক্যারিয়ার সেরা ইনিংস! এরপর বল হাতেও তিনি উজ্জ্বল, ফিল্ডিংয়ে নিলেন দারুণ এক ক্যাচ। রূপকথার মতো প্রত্যাবর্তন তো একেই বলে!

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার মোসাদ্দেকের সঙ্গে তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৫০ ওভারে বাংলাদেশ তোলে ২৮৪ রান। অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৯১ রান তোলার পর বিরূপ আবহাওয়া শেষ হয়ে যায় ম্যাচ। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশের জয় ৮৬ রানে।

আরও পড়ুন