১০ অক্টোবর ২০২৬

২১ হাজার ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী ধরা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে অভিযান চালিয়ে ২১ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ শায়লা সাবরিন মিতু (৩৪) ও মর্তুজা আক্তার (৩৭) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (৬ আগস্ট) সাতকানিয়র সিকদার পাড়ার ইকবাল মেম্বারের বসত ঘর থেকে মিতুকে এবং নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার একটি ফ্ল্যাট থেকে মর্তুজাকে আটক করা হয়।

আটকরা হলো— সাতকানিয়া জেলার উত্তর মাদার্শা এলাকার ইউপি সদস্য মোজাম্মেল হক ইশবালের স্ত্রী মিতু এবং বাঁশখালী থানার কালিপুর এলাকার মৃত সুলতান আহম্মেদের মেয়ে মর্তুজা আক্তার (মিতুর সহযোগী)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি শায়লা সাবরিন মিতুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৮ হাজার ৩৩০ পিস ইয়াবা এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

অপর এক সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি মিতুর সহযোগী মর্তুজা আক্তার বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় একটি ফ্ল্যাটে মাদকদ্রব্য বেচাকেনার উদ্দেশে মজুদ করেছে। পরে তার বসত ঘর থেকে মোট ৩ হাজার পিস ইয়াবা এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধারসহ তাকে আটক করা হয়।

আটক আসামিদের জিজ্ঞাসাবাদের আরো জানা যায়, ইকবাল মেম্বারের সহযোগিতায় তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে স্বল্পমূল্যে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে তা চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

আটক আসামি এবং উদ্ধার মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন