১৭ মার্চ ২০২৬

কার নেতৃত্বে ক্ষমতায় যাবেন— বিএনপিকে কাদের

বাংলাধারা ডেস্ক »

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির প্রধান নেতা দণ্ডিত আসামি। দলের ভাইস চেয়ারম্যান পলাতক। নির্বাচন সামনে রেখে কার নেতৃত্বে এগোবে বিএনপি? কার নেতৃত্বে ক্ষমতায় যাবে?— এই প্রশ্নের জবাব বিএনপির কাছে নেই। এর জবাব না দিয়ে তাদের নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার, শেখ হাসিনার বিরুদ্ধে অসত্য বক্তব্য দিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের আওয়ামী লীগের কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা দেন।

বিএনপির নেতৃত্বের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতৃত্ব আজকে বিভক্ত। তাদের নিজেদের মধ্যে কোনো ঐক্য নেই। দলে গণতন্ত্র নেই। অথচ তারা গণতন্ত্রের কথা বলে মুখে ফেনা তুলছে। বাংলাদেশের মানুষ আর বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। কারণ মানুষ জানে, বিএনপি ক্ষমতায় গেলে এ দেশের উন্নয়ন সম্ভাবনা ধ্বংস হয়ে যাবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা ধ্বংস হয়ে যাবে। রক্তে রক্তে সব বাংলাদেশ রক্তের নদী হয়ে যাবে।

আরও পড়ুন