৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের ৭ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের ৭টি কেন্দ্রে এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধীনে মোট ১৩ হাজার ৮৯১ জন এক ঘন্টার পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ২৮টি হলে ২৪৫১ জন, চট্টগ্রাম সরকারি কলেজে ২৮টি হলে ২ হাজার ৩৪৮ জন, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ১৭টি হলে ১ হাজার ৬০৭ জন, এমইএস কলেজে ২০টি হলে ২ হাজার ১৫৫ জন, চট্টগ্রাম মহিলা কলেজে ১৪টি হলে ১ হাজার ৫৫০ জন, বাওয়া স্কুল অ্যান্ড কলেজে ২১টি হলে ১ হাজার ৯৪০ জন এবং ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজে ১৭টি হলে ১ হাজার ৮৪০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন।

২০২০-২১ শিক্ষাবর্ষে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৯০৫ জন। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৬ হাজার ২১১ জন পরীক্ষায় অংশ নিয়েছিল।

চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার গণমাধ্যমকে জানান, পরীক্ষা কেন্দ্রগুলোতে স্বাস্থ্য অধিদফতরের ৭ জন কর্মকর্তা এবং একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পর্যবেক্ষক হিসেবে শিক্ষকরা হলগুলোতে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। প্রতিটির প্রশ্নের মান ১। পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০ নম্বর (মোট ১০০) থাকছে।

লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। এর কম পেলে অকৃতকার্য বলে বিবেচিত হবেন। কেবল কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকাসহ ফলাফল প্রকাশ করা হবে।

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসাবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

আরও পড়ুন