কক্সবাজার প্রতিনিধি »
মাছ আহরণে যাবার পথে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকুলের নাজিরারটেক চ্যানেলে একটি ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সাগরে ভাসমান অবস্থায় ১৭ জেলেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে নাজিরারটেক চ্যানেলে পৌছালে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্রলারটি তলা ফেটে যায়।
এতে পানি ঢুকে ট্রলারটি ডুবে যেতে থাকলে জেলেদের চিৎকারে সাড়া দিয়ে উদ্ধারের চেষ্টা শুরু করে স্থানীয়রা। প্রথমে ১০ জনকে উদ্ধার করা গেলেও বাকি ৭ জনকে রাত সাড়ে নয়টার দিকে উদ্ধার করা সম্ভব হয়। ট্রলার ডুবির ঘটনায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা জেলে ও মালিকদের।
বিষয়টি নিশ্চিত করে ট্রলারটির মালিক জয়নাল আবেদীন জানান, মূলত ট্রলারটি মাছ আহরণে সাগরে যাচ্ছিল। পথে নাজিরারটেক চ্যানেলে বিশেষ বস্তুর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এক পর্যায়ে ট্রলারটিতে পানি প্রবেশ করলে জেলেরা সাগরে ভাসমান হয়ে পড়ে। পরে তাদের চিৎকারে সাড়া দিয়ে স্থানীয় অন্যবোটের জেলেরা তাদের উদ্ধার করে।
ট্রলারটির মাঝি রফিকুল ইসলাম জানান, দুই সপ্তাহের জন্য গভীর সাগরে মাছ আহরণে যাচ্ছিলাম। প্রতিমধ্যে চ্যানেলটিতে পৌছার পর বড় একটি ধাক্কা লাগে। এরপরে ট্রলারটিতে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ভাসমান অবস্থায় আমাদের সবাইকে উদ্ধার করে অন্যরা। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।












