বাঁশখালী প্রতিনিধি »
ইফতারের আগ মুহূর্ত। দাপ্তরিক কাজ শেষে বাড়ি ফিরছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন। এসময় তিনি মিয়ার বাজার পৌঁছাতেই দেখতে পান রাস্তার মাঝখানে একটি বিকল মালবাহী ট্রাক। এতে রাস্তার দু’পাশে সৃষ্টি হয় প্রায় ২ কিলোমিটার যানজট। আর এই যানজট সরাতে নাই কোন উদ্যোগ। এতে জনসাধারণের ভোগান্তি দেখে মেয়র নিজেই গাড়ি থেকে নেমে পড়লেন যানজট সরাতে।
প্রথমে বিকল হওয়া ট্রাক সচল করার চেষ্টা করলেন। এরপর এলোমেলো গাড়ির লাইন টিক করে চলাচলের পথ করে দিলেন। অন্যদিকে বিকল মালবাহী ট্রাক’টি সচল না হওয়ায় নিজ গাড়ির ড্রাইভার ও রাস্তায় থাকায় কয়েকজন যাত্রী নিয়ে নিজ হাতে ট্রাক ঠেলতে শুরু করেন তিনি। পরে মেয়রকে সহযোগিতায় এগিয়ে আসেন আশেপাশের লোকজনও। এতেই ২০ মিনিটেই ২ কিলোমিটারের যানজট মুক্ত করতে সক্ষম হন মেয়র।
এদিকে যানজট নিরসনে রাস্তায় নেমে ট্রাক ঠেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন মেয়র। কামরুল হোছাইন নামে একজন মেয়রের ট্রাক ঠেলার ছবি দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এটা কেবল স্থিরচিত্র নয়, এটি জনগণের সেবামূলক কাজের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। জনপ্রতিনিধি তাকেই বলে যে জনগণের দায়িত্ব নিতে জানে।’
এ বিষয়ে বাঁশখালী পৌরসভার মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন বলেন, ‘পবিত্র এ রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে জনসাধারণের ভোগান্তি দেখে চুপ থাকতে পারিনি। রাস্তায় নেমে গাড়ি ঠেলা এটা ব্যতিক্রম কিছু নয়। এটি আমার সেবামূলক কাজেরই অংশ। এটি করে আমি মনে পরিপূর্ণ তৃপ্তি পাই। আমি আমার পৌরসভা ও বাঁশখালীবাসীর জন্য মন-প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব’












