সায়ীদ আলমগীর, কক্সবাজার »
ঘুষের ২০ লাখ টাকাসহ ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন কক্সবাজারের ভূমি অধিগ্রহণ (এলএও) শাখার সার্ভেয়ার আতিকুর রহমান।
শুক্রবার (১ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে নগদ টাকাসহ তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম।
বিষয়টি স্বীকার করে দুদকের একজন উর্ধতন কর্মকর্তা জানান, গোয়েন্দা সংবাদের ভিক্তিতে ঢাকা বিমানবন্দর থেকে কক্সবাজারে দায়িত্বরত সার্ভেয়ার আতিককে নগদ ২০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে এ টাকার উৎস সম্পর্কে কোন সদোত্তর দিতে পারেনি তিনি।
সংশ্লিষ্ট সূত্র মতে, শুক্রবার সকাল ৯টায় বেসরকারি উড়োজাহাজ ইউএস-বাংলার একটি ফ্লাইটে তিনি কক্সবাজার থেকে ঢাকা যান।
কক্সবাজারে মেগা প্রকল্পসহ চলমান উন্নয়ন প্রকল্প ঘিরে ২০ হাজার একরের বেশি ভূমি অধিগ্রহণ করছে সরকার। বিশাল এ কর্মযজ্ঞে জমির ক্ষতিপূরণসহ নানা কার্য সম্পাদনে কাজ করছে বেশ সংখ্যক সার্ভেয়ার। কাজ করতে গিয়ে সার্ভেয়ার আতিকসহ অন্যরা জমির মালিকদের ফাইল আটকিয়ে, নানাভাবে জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করেন। কিছু ক্ষেত্রে সরাসরি এবং কিছু ক্ষেত্রে দালালের মাধ্যমে এসব টাকা আদায় করে থাকেন বলে প্রচার রয়েছে। আদায় করা এসব টাকা প্রতি সপ্তাহিক ছুটির দিন গাড়ি ও বিমান যোগে বাড়ি নিয়ে যান বলে দাবি করেছে একটি সূত্র।
এ বিষয়ে জানতে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদকে ফোন করা হয়। রিং হলেও তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠানো হলে তারও উত্তর করেননি ডিসি।
তবে, নাম প্রকাশ না করার শর্তে আতিকের আটক হবার বিষয়টি স্বীকার করে একটি সূত্র জানায়, তিন ভাগে কাজ করা এলএ অফিসের দ্বিতীয় টিমের হয়ে কাজ করছেন সার্ভেয়ার আতিকুর রহমান।












