২৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদে ইমন-দীপান্বিতা জুটির দুই নাটক

বাংলাধারা বিনোদন »

প্রথমবারের মতো চিত্রনায়ক মামনুন হাসান ইমনের সঙ্গে জুটি বেঁধে দুটি নাটকে অভিনয় করেছেন প্রতিভাবান অভিনেত্রী দীপান্বিতা রায়। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রচারিতব্য নাটক দু’টি হচ্ছে, ‘মিস্টার বাকি ম্যান’ ও ‘তোমার চোখ এত লাল কেন?’ নাটক দুটি নির্মাণ করেছেন অঞ্জন চৌধুরী।

নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আযহায় দুটি নাটকই একুশে টেলিভিশনে প্রচার করা হবে। ‘মিস্টার বাকি ম্যান’ ঈদের দ্বিতীয় দিন আর ‘তোমার চোখ এত লাল কেন?’ ঈদের চতুর্থ দিন রাত ৮টায় প্রচার হবে।

প্রসঙ্গত, নায়ক ইমন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটকে অভিনয় করে আসছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইমন কাজ করেছেন আসন্ন ঈদুল আযহার দুটি নাটকে।

জানা গেছে, ‘মিস্টার বাকি ম্যান’ নাটকে ইমনকে বাউণ্ডুলে ছেলের চরিত্রে দেখা যাবে। যে কিনা বিভিন্ন দোকান থেকে বাকিতে সওদাপাতি নেয়। আর বাড়িওয়ালার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা রায়। নাটকটিতে আরো অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, সূচনা আজাদ প্রমুখ।

‘তোমার চোখ এত লাল কেন’ নাটকটি একটি প্রেমের টানাপোড়েনের গল্প। শিহাব আর লিমার সুখী দাম্পত্য জীবন। হঠাৎ করেই ঝড়ের মতো হাজির হয় শিহাবের আগের স্ত্রী অহনা। যার সঙ্গে এক বছর আগেই শিহাবের ছাড়াছাড়ি হয়ে গেছে। শিহাব আর লিমার সাজানো সংসারে অহনা অনুপ্রবেশ করতে চায়, ভেঙেচুরে দিতে চায় তাদের সুখের ভুবন। এই গল্পে শিহাব চরিত্রে ইমন, লিমার চরিত্রে দীপান্বিতা রায় এবং অহনার চরিত্রে অভিনয় করেছে সূচনা আজাদ।

উল্লেখ্য, বাংলা শোবিজের উদীয়মান অভিনেত্রী দীপান্বিতা রায়। তিনি একজন সাংবাদিক ও লেখিকা। তার লেখা বেশ কয়েকটি গল্প ও উপন্যাস ইতোমধ্যে বাজারে এসেছে এবং একুশে বইমেলায়ও প্রকাশ হয়েছে। পাশাপাশি কয়েক বছর ধরে অভিনয়ের সাথেও যুক্ত। সাহিত্য জগতের মতো অভিনয়েও নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন দীপান্বিতা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ