১৩ মার্চ ২০২৬

মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক »

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী ও পদত্যাগ করা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বড় ভাই মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার তাদের আরেক ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসের ওপরও একই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে বসিল ইতোমধ্যে দেশ ছেড়ে গেছেন বলে জানা যাচ্ছে।

মাত্র দুই মাস আগে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজাপাকসে। তার বাড়ির বাইরে বিক্ষোভরতদের ওপর সমর্থকেরা হামলা চালানোর পর এই সিদ্ধান্ত নেন তিনি। তার পদত্যাগের পর বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে। আর শেষ পর্যন্ত দেশে ছেড়ে পালিয়ে গিয়ে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

এদিকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। শপথ নেওয়ার পর পার্লামেন্টে দেওয়া ভাষণে ‘কঠোরভাবে আইনশৃঙ্খলা বজায় রাখার’ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে পার্লামেন্টকে বাড়তি ক্ষমতা প্রদানে সংবিধান সংশোধনের কথাও বলেছেন তিনি।

২০১৫ সালে রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে শ্রীলঙ্কার সংবিধানে ১৯তম সংশোধনী আনা হয়। ২০১৯ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জয়ী হওয়ার পর ওই সংশোধনী বাতিল করেন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জানান, সহিংসতা নিয়ন্ত্রণে তিনি সশস্ত্র বাহিনীকে ক্ষমতা ও স্বাধীনতা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি শান্তিপূর্ণ বিক্ষোভে সমর্থন করি। কিন্তু দাঙ্গাবাজ ও বিক্ষোভকারীর মধ্যে পার্থক্য আছে’।

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ভোট দিতে যাওয়া আইনপ্রণেতাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান বিক্রমাসিংহে। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ