২২ মার্চ ২০২৬

মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৪ ব্যবসা প্রতিষ্ঠান

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে সব হারিয়ে নিঃস্ব চার ব্যবসায়ী। মঙ্গলবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার মস্তাননগর বিশ্বরোড এলাকায় হাজ্বী মজিবুল হক মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল— অর্জন নাথের এস এ ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কসপ, আমজাদ হোসেনের আমজাদ মোটরস এন্ড ইঞ্জিনিয়ারিং, মো. ইউসুফের ডেট্রিং এর দোকান ও মো. সোহেলের সোহেল ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কসপ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো সোমবার রাত ৮টায় আমরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। আজ ভোরে একজন ফোন দিয়ে জানান আমাদের দোকানে আগুন লেগেছে। দ্রুত এসে দেখি সব শেষ, কিছু রক্ষা সম্ভব হয়নি।’

আরেক ব্যবসায়ী অর্জুন নাথ বলেন, ‘এই মার্কেটে চারটি মোটরপার্টস, গাড়ির যন্ত্রাংশ ও গ্যারেজ রয়েছে। আগুনে সব শেষ হয়ে গেছে। সব হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি।’

আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘মঙ্গলবার ভোর ৪টা ১৫ মিনিটে মস্তাননগর বিশ্বরোড এলাকায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তারপরও চারটি দোকান পুড়ে গেছে। তবে আশপাশের অনেক দোকান রক্ষা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো তদন্তাধীন রয়েছে।’

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ