১০ অক্টোবর ২০২৬

২০০ দোকানপাট উচ্ছেদ, ১১ ব্যক্তিকে চসিকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০০ দোকান উচ্ছেদ ও ১১ ব্যক্তিকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ আগস্ট) নগরীর জিইসি মোড়, গোলপাহাড় মোড়, এশিয়ান হাইওয়ে শুলকবহর হয়ে বহদ্দারহাট কাঁচাবাজার ও মোড় এবং শাহ আমানত সেতু সড়কের নতুন চান্দগাঁও থানা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অপরদিকে ফিরিঙ্গীবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চেীধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর জিইসি মোড়, গোলপাহাড় মোড়, এশিয়ান হাইওয়ে শুলকবহর হয়ে বহদ্দারহাট কাঁচাবাজার ও মোড় এবং শাহ আমানত সেতু সড়কের নতুন চান্দগাঁও থানা পর্যন্ত রাস্তা ও ফুটপাতের উভয় পাশে বিভিন্ন অবৈধ স্থাপনাসহ ২০০ দোকানপাট উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাস্তা ও ফুটপাতে রেখে যান ও মানুষেল চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ ব্যক্তির বিরুদ্ধে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা।

উচ্ছেদ অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুনাইদ কবির সোহাগ।

অন্যদিকে, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর এক অভিযানে ফিরিঙ্গীবাজার এলাকার বিভিন্ন সড়কের উভয় পাশে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।

অভিযানকালে ফিরিঙ্গীবাজার এলাকায় নির্মানাধীন ভবনের নীচে এডিস মশা বংশ বিস্তারে জমাটবদ্ধ পানি ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং আগামীতে পানি জমা থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহায়তা প্রদান করেন।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন