১৭ মার্চ ২০২৬

টি-টোয়েন্টিকে বিদায় জানালেন মুশফিক

বাংলাধারা স্পোর্টস

ব্যর্থতা দিয়ে শেষ হলো টাইগারদের এশিয়া কাপ মিশন। এরই মধ্যে দেশে ফিরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন মুশফিকুর রহিম। দিয়েছেন আনুষ্ঠানিক ঘোষণাও।

রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে তিনি এ কথা জানান।

মুশফিক স্ট্যাটাসে লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি।’

তবে বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলে যাবেন জানিয়ে মুশফিক লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।’

ঘরোয়া টি-টোয়েন্টি খেলে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি আরও জানান, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিই এই ফরম্যাটে তার শেষ হয়ে রইলো। শেষ ম্যাচ তথা শেষ টুর্নামেন্টে অবশ্য বলার মতো কিছুই করতে পারেননি মুশফিক

সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০২ ম্যাচ খেলে ছয় ফিফটির সাহায্যে ১৫০০ রান করেছেন মুশফিক। তার অধীনে ২৩টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৮টিতে জিতেছে বাংলাদেশ। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এই ফরম্যাটে অধিনায়কত্ব করেন মুশফিক।

বাংলাধারা/আরএইচ

আরও পড়ুন