বাংলাধারা প্রতিবেদক»
নগরের পতেঙ্গা থানার খেজুরতলা এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি হত্যাকাণ্ড।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বেড়িবাঁধ রোডের ওয়াকওয়ে থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নুর।
স্থানীয়রা জানান, বেড়িবাঁধ রোডের ওয়াকওয়েতে পড়ে ছিল লাশটি। পড়ে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নুর বলেন, ‘খেজুরতলা বেড়িবাঁধ রোডের ওয়াকওয়েতে পড়ে ছিল লাশটি। স্থানীয়দের কাছে খবর পেয়ে ছুটে যাই ঘটনাস্থলে। লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে এডিসি, সিআইডি ক্রাইম সিন ইউনিট ও পিবিআই রয়েছে।’
তিনি বলেন, ‘নিহতের শরীরের পেছনের দিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে খুন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
বাংলাধারা/আরএইচআর












