বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়জীবন ভবিষ্যৎ গড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এখন থেকেই কী হতে চান, কী করতে চান এবং কোন পথে এগিয়ে যাবেন—এসব বিষয়ে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। তিনি বলেন, ‘তোমাদের ভবিষ্যৎ আজ তোমাদের হাতের মুঠোয়।’
শিক্ষামন্ত্রী বলেন, শুধু শ্রেণিকক্ষের পড়াশোনার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে হবে না। এর পাশাপাশি বাস্তব জ্ঞান ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। কারিগরি শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন তিনি।
চীনের কারিগরি শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সমন্বয়ের উদাহরণ তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্প খাতের কার্যকর যোগাযোগ থাকলে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়ে। বাংলাদেশেও শিক্ষা ও শিল্প খাতের মধ্যে এমন সমন্বয় প্রয়োজন।
দেশের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে নবীন শিক্ষার্থীদের দায়িত্বের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, নিজেদের জীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি আগামী দিনের বাংলাদেশ কীভাবে গড়ে তুলবে, সে চিন্তাও শিক্ষার্থীদের করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন নবীন শিক্ষার্থীদের দেশপ্রেম, জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের নীতিনির্ধারক মহলে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন নবীন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিবসহ জবি ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
নবীনবরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে তাদের মধ্যে উপহার ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ড ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।














