২ মে ২০২৬

এবার লালমনিরহাটে বিএসএফ’র গুলিতে বাংলাদেশির মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এরশাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।

রোববার (৭ জুলাই) ভোরে ওই উপজেলার বুড়িমারী-শ্রীরামপুর সীমান্তের মাঝামাঝি ৮৪৫ নং মেইন পিলারের ২ নং সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত এরশাদুল হক বুড়িমারী ইসলামপুর এলাকার এছানুল হকের পুত্র বলে জানা গেছে।

এ সময় আরো দুই জন গরু ব্যবসায়ী আহত হয়েছে। পাটগ্রাম থানার ওসি মনসুর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারের চেষ্টা করেন এশাদুল হকসহ একদল গরু ব্যবসায়ী।

এ সময় বিএসএফ’র একটি টহল দল তাদের গুলি করেন। ওই গুলিতে এশাদুল হক গুরুত্বর আহত হলে তার সঙ্গীরা তাকে নিয়ে পালিয়ে আসে। মামলার ভয়ে এরশাদুলের পরিবার তাকে গোপনে রংপুরের একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু ঘটে। ৬১- বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অধীন বুড়িমারী কোম্পানির নায়েক সুবেদার মিজানুর রহমান বলেন, আমরা নিহতের ঘটনা জেনেছি। বিএসএফের সাথে যোগাযোগ ও পতাকা বৈঠকের ব্যাপারে কথা বলার চেষ্টা চলছে।

পাটগ্রাম থানার ওসি মনসুর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি /আর

আরও পড়ুন