বাংলাধারা ডেস্ক »
পটিয়া উপজেলার শ্যানপাড়া এলাকা থেকে মো. সেলিম আজাদ (৪১) নামে এক ঋণখেলাপী ও প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সেলিম চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী।
আজ মঙ্গলবার (৯ জুলাই) ভোররাতে পটিয়ার শ্যানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. সেলিম পটিয়া উপজেলার শ্যানপাড়ার হাজী নুরল আবছারের ছেলে। টেরিবাজারে ফ্যাশন মেইকার নামে একটি কাপড়ের দোকান আছে।
পূবালী ব্যাংকের টেরিবাজার শাখার ম্যানেজার স্বপন কুমার দে জানান, সেলিম ২০১২ সালে পূবালী ব্যাংক থেকে আট লাখ টাকা লোন নেয়। পরে সে লোন ঠিকমতো পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করেন। পরে সে মামলায় তার সাজা হয়। কিন্তু সে পলাতক ছিল।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তার সেলিম নাম গোপন রেখে ২০১২ সালে পূবালী ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণা করে। পরে ব্যাংক কর্তৃপক্ষের চেক প্রতারণা মামলায় সে সাজাপ্রাপ্ত হয়। এতদিন সে পলাতক ছিল। আজ মঙ্গলবার ভোররাতে পটিয়ার শ্যানপাড়া এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












