১১ মার্চ ২০২৬

জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন চট্টগ্রামের শান শাহেদ

আন্তর্জাতিক তরুণ নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল গভর্নিং বোর্ড সম্প্রতি গঠিত হয়েছে। নবনির্বাচিত এ জাতীয় বোর্ডে ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা ও সংগীতশিল্পী শান শাহেদ।

রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত জেসিআই বাংলাদেশের জাতীয় সাধারণ সভায় এই নির্বাচন সম্পন্ন হয়। সভায় ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আরেফিন রাফি আহমেদ। একইসঙ্গে ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট পদে দায়িত্ব পান শান শাহেদ।

নির্বাচনের পর প্রতিক্রিয়ায় শান শাহেদ বলেন, জেসিআই বাংলাদেশের মাধ্যমে তিনি তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে কাজ করতে চান। পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে তরুণদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শান শাহেদ দীর্ঘদিন ধরে জেসিআই-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০১৪ সালে জুনিয়র চেম্বার চট্টগ্রামের সাধারণ সদস্য হিসেবে তাঁর যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে তিনি জেসিআই বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে ডিরেক্টর, ২০১৮ সালে ট্রেজারার, ২০১৯ সালে ভাইস প্রেসিডেন্ট এবং ২০২০ সালে জেনারেল লিগ্যাল কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ২০২১ সালে জেনারেল সেক্রেটারি এবং ২০২২ সালে জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপর ২০২৩ ও ২০২৪ সালে ন্যাশনাল ও রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৫ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

উদ্যোক্তা পরিচয়ের পাশাপাশি শান শাহেদ দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ। তিনি জনপ্রিয় রক ব্যান্ড ‘তীরন্দাজ’-এর লিড ভোকালিস্ট। ২০০৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ব্যান্ডটির সূচনা হয়, যা সময়ের সঙ্গে বাংলাদেশের রক সংগীতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে।

শিক্ষাজীবনে তিনি ২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে বিবিএ এবং ২০১৪ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালের ১৭ মে তিনি ইভেন্টস ও অ্যাডভার্টাইজিং এজেন্সি ‘রেড কার্পেট’ প্রতিষ্ঠা করেন। দেশের কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর হাত ধরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

পরবর্তীতে তিনি লজিস্টিক ফার্ম ‘টেকনো প্রো’ এবং কনস্ট্রাকশন ও সাপ্লায়ার্স প্রতিষ্ঠান ‘শারার এন্টারপ্রাইজ’ গড়ে তোলেন।

সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় শান শাহেদ দীর্ঘদিন ধরে ‘পোর্ট সিটি অ্যালায়েন্স’, ‘কানেক্ট’, ‘অগ্রগ্রাহী ফাউন্ডেশন’ ও ‘চেঞ্জ মেকার্স ফাউন্ডেশন’-এর উপদেষ্টা হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি ‘রোটারি ক্লাব অব চিটাগং কর্ণফুলী’-এর প্রেসিডেন্ট এবং ‘বাংলাদেশ হিউম্যান রাইটস চট্টগ্রাম মেট্রোপলিটন’-এর জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে এর সদর দপ্তর অবস্থিত। বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে জেসিআই কার্যক্রম পরিচালনা করছে এবং এর সদস্য সংখ্যা দুই লক্ষাধিক। বাংলাদেশে প্রায় ৪০টি লোকাল চ্যাপ্টারের মাধ্যমে সংগঠনটি তরুণদের নেতৃত্ব, দক্ষতা ও ব্যক্তিগত উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন