দীর্ঘ প্রায় ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান। সে সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে এক নির্বাচনী প্রচারণা সভায় অংশ নিয়েছিলেন তিনি।
এবারের মহাসমাবেশে ১০ লাখেরও বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। পলোগ্রাউন্ড মাঠে নির্মাণ করা হয়েছে প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত বিশাল মঞ্চ। সফরকালে তারেক রহমান পুরাতন সার্কিট হাউজে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নগরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। পাশাপাশি প্রস্তুতি সভা, স্বাগত মিছিল ও ব্যাপক প্রচারণা কর্মসূচি অব্যাহত রয়েছে।
সফরসূচি অনুযায়ী, তারেক রহমান শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিমানে চট্টগ্রামে পৌঁছাবেন এবং রাতে সেখানে অবস্থান করবেন। রোববার সকালে মহাসমাবেশে যোগ দেওয়ার আগে তিনি নগরের একটি হোটেলে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সমাবেশ শেষে সড়কপথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে ধারাবাহিক নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে মহাসমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে মহানগর বিএনপির নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুলিশ কমিশনার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম-৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম ও বিএনপির সম্পর্ক গৌরব, ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের ইতিহাসে গাঁথা। বীর চট্টলার মাটি থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তারেক রহমানের এই সফর চট্টগ্রামের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। পলোগ্রাউন্ডের মহাসমাবেশ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, চট্টগ্রামের প্রতিটি সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থীদের নেতৃত্বে জনস্রোত সৃষ্টি হবে। এতে আবারও প্রমাণিত হবে চট্টগ্রাম বিএনপির শক্ত ঘাঁটি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, পলোগ্রাউন্ড মাঠে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে তারা আশাবাদী। তিনি বলেন, শুধু দলীয় নেতা-কর্মী নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই মহাসমাবেশে অংশ নেবেন।













