চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক মাদরাসা শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ৩ জন। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।
বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী খাদিজা মাশমুম। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, “চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে আমি নেমেছি। দুর্ঘটনার গুরুত্ব দেখে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেই। এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি এবং ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে।”













