চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নৌবাহিনীর এক নাবিক।
নিহত কর্মকর্তার নাম নাজমুস সাকিব (৩৮)। আহত নাবিক মো. ইকরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত দুজনই পতেঙ্গা নৌঘাঁটিতে কর্মরত।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে কক্সবাজার ভ্রমণে বের হন তারা। পথিমধ্যে পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই নাজমুস সাকিবের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় মো. ইকরামকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা সংকটাপন্ন।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেছেন, পটিয়া বাইপাস সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও নজরদারির অভাবের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন,দুর্ঘটনায় নৌবাহিনীর একজন কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান। আহত নাবিককে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে।













