৪ ফেব্রুয়ারি ২০২৬

লোহাগাড়ায় ৪৫ রোহিঙ্গা আটক, ভুয়া এনআইডি জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর পৃথক দুইটি অভিযানে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযানে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সংশ্লিষ্ট কাগজপত্রও জব্দ করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ঠাকুরদিঘী ও উজিরভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন লোহাগাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর দুটি ক্যাম্পের সদস্য এবং থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে ঠাকুরদিঘী এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জন এবং পরে উজিরভিটা এলাকা থেকে আরও ৬ জনসহ মোট ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে।

তিনি আরও জানান, সন্দেহভাজন এক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি সিমকার্ড, একাধিক জাতীয় পরিচয়পত্র, এনআইডির ফটোকপি এবং এফসিএন কার্ডের ফটোকপি জব্দ করা হয়েছে। আটক রোহিঙ্গাদের পরবর্তীতে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, আটককৃত রোহিঙ্গাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। এছাড়া ভুয়া এনআইডি তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ