৪ ফেব্রুয়ারি ২০২৬

মিরসরাইয়ে গণসংযোগে বিএনপি প্রার্থী নুরুল আমিন: ‘ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিবেন যাতে বাক্স ছিনতাই না হয়’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ও মিরসরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘ধানের শীষ’ প্রতীকের এই প্রার্থী।

ভোটারদের উদ্দেশ্যে নুরুল আমিনের নির্দেশনা: প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান ভোটারদের উদ্দেশ্যে বলেন, “প্রথমে নিজের ঘর, তারপর নিজ বাড়ি এবং পরবর্তীতে পাশের বাড়িতে ভোট চাইবেন। ভোটের দিন ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে চলে যাবেন। ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিবেন, যাতে কেউ ভোট বাক্স ছিনতাই করতে না পারে।”

হিন্দু ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “সবাই এদেশের নাগরিক। কেউ নিরাপত্তা শঙ্কায় বা ভয়ে থাকবেন না। আওয়ামী লীগ আপনাদের বলেছিল তারা ক্ষমতায় না থাকলে আপনাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। অথচ দেখেন, আপনারা দেশে সুখে-শান্তিতে আছেন আর আওয়ামী লীগ পালিয়ে গেছে। ক্ষমতায় না থেকেও আমরা আপনাদের পূজা-পার্বণে ও সুখে-দুঃখে পাশে ছিলাম; ক্ষমতায় আসলেও অতীতের ন্যায় পাশে থাকব। সবাই স্বাধীন দেশের নাগরিক হিসেবে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।”

জামায়াতের সমালোচনা করে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “জান্নাত-জাহান্নামের মালিক আল্লাহ। তিনি বান্দার ভাগ্য নির্ধারণ করবেন। অথচ জামায়াতের লোকজন জান্নাতের টিকিট বিক্রি করছে। আল্লাহ যে সকল পয়গম্বর পাঠিয়েছিলেন তারাও হাশরের ময়দানে ‘ইয়া নফসি ইয়া নফসি’ করবেন। কে জান্নাতে যাবেন তা একমাত্র আল্লাহ জানেন, আর জামায়াত জান্নাত বিক্রির নামে শিরক করছে। তাই জামায়াতের ফাঁদে পা না দিয়ে সবাই চোখ-কান খোলা রাখবেন। কেউ যাতে ইমান বিক্রি না করেন।”

দুর্গাপুর ইউনিয়নে গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মাস্টার, সাবেক সদস্য সচিব আজিজুল হক মেম্বার, নাজিম উদ্দিন মিয়াজী, বিএনপি নেতা প্রফেসর ছলিম নিজামী, সামছুদ্দৌহা মামুন, জহুরুল হক, নাইমুল হাসান শিমুল, দিদারুল আলম, শরীফ উদ্দিন, আইয়ুব খান, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন ও ফখরুল ইসলাম।

মিরসরাই পৌরসভার গণসংযোগে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বিএনপি নেতা তাহের আহমদ, কামরুল হাসান লিটন, মহি উদ্দিন, রফিকুল ইসলাম পারভেজ, জাহিদ হোসাইন, কামরুল হাসান, ফরহাদ হোসাইন, নাঈম সরকার, ইনজামাম উল হক ইমন প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ