৭ ফেব্রুয়ারি ২০২৬

সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে মাঠে সাঈদ আল নোমান: নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান

চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান।

শুক্রবার সন্ধ্যায় নগরীর মুরাদপুর এলাকায় আয়োজিত এই মতবিনিময় সভায় সনাতনী সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে তিনি তার নির্বাচনী পরিকল্পনার পাশাপাশি এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার কথা তুলে ধরেন।

বক্তব্যের শুরুতেই সাঈদ আল নোমান সনাতনী সম্প্রদায়ের সঙ্গে তার পরিবারের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “আমার বাবা আসকার দিঘীর দুর্গাপূজা উদযাপন পরিষদের একমাত্র মুসলিম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমিও ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এই সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে আসছি।”

তিনি আরও বলেন, কোনো ধর্মীয় বৈষম্য নয় বরং সবার অংশগ্রহণেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে সাঈদ আল নোমান ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন,
“ভোট দেওয়া আপনাদের নাগরিক অধিকার। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন।”

এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি রাস্তাঘাট সংস্কার, পানির সংকট নিরসন এবং কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন,
“পিছিয়ে পড়া মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা সাঈদ আল নোমানের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান।

মতবিনিময় সভায় সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ