ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। এরই মধ্যে মাঠ গুছিয়ে নিচ্ছে বিএনপি। মাঠে নামছেন তৃণমূল নেতাকর্মীরা। এদিকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ধানের শীষকে বিজয় সুনিশ্চিত করতে প্রচার-প্রচারণায় নেমেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন।
শুক্রবার (৬) ফেব্রুয়ারি বিকালে উপজেলার বন্দর সেন্টার এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারেক রহমানের বার্তা পৌঁছে দেন।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতনের পর বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের যে চূড়ান্ত দিন, তা আগামী ১২ ফেব্রুয়ারি। তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত করতে হলে চট্টগ্রাম-১৩ আসনে ধানের শীষের পক্ষে বিপ্লব ঘটাতে হবে।
ধানের শীষের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য তারেক রহমানের হাতে রাষ্ট্রক্ষমতা ন্যস্ত হবে। তিনি যেদিন প্রধানমন্ত্রী হবেন, সেদিন থেকে সমগ্র বাংলাদেশে উন্নয়নের পাশাপাশি তৃণমূলের লাখ লাখ কর্মীর ন্যায্য মূল্যায়ন শতভাগ নিশ্চিত হবে।
গণসংযোগকালে আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য মামুন খানের পরিচালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাগির আহমদ, দিল মোঃ মঞ্জু, বিএনপি নেতা আবদুল মঈন চৌধুরী ছোটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আতিকুল রহমান আতিক, শ্রমিক দল নেতা বাবলু হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, বটতলী শাহ মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ তারেক ও মোঃ মিনহাজসহ প্রমুখ।













