ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সুস্পষ্ট বিজয়ের জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন জানান। মোদি তাঁর পোস্টে তারেক রহমান ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজকে ট্যাগ করে দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হয়। আজ সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ পাওয়া তথ্যে বেসরকারি ফলাফলে বিএনপি ও তার মিত্ররা ১৮২টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে। জামায়াত ও তার মিত্ররা জয়ী ৬৯টি আসনে।
ফেসবুক পোস্টে মোদি বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে সুস্পষ্ট জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন।
তারেক রহমানের উদ্দেশে মোদি লিখেছেন, ‘এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচায়ক।’
ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে পোস্টে উল্লেখ করেন মোদি।
ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের বহুমুখী সম্পর্ক আরও দৃঢ় করতে এবং আমাদের অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে আমি আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছি।’













