১৮ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র এমপিরা শপথ নিলেন

নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে তারা শপথ বাক্য পাঠ করেন।

যদিও জামায়াতের সংবিধান সংস্কার ইস্যুতে শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছিলেন, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না। পরে জোটের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসে। বৈঠকে শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেন তারা।

এর আগে বেলা ১১টার দিকে নতুন সরকারে এমপি হিসেবে শপথ নেয় বিএনপি। শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।

এছাড়া বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ