১৯ ফেব্রুয়ারি ২০২৬

মিরসরাইয়ে শিবির নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট

চট্টগ্রামের জামায়াতে ইসলামীর এক নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট হয়েছে বলে অভিযোগে উঠেছে।

গতকাল মঙ্গলবার রাতে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের নিজামপুর রেলস্টেশন সংলগ্ন খামারে এ ঘটনা ঘটেছে।

খামারের এক কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা এসব ছাগল লুট করেছে।

খামারটির মালিক উপজেলার হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবু হেনা কায়সার।

আবু হেনা কায়সার বলেন, ‘আমার বাড়ি হাইতকান্দি ইউনিয়নে হলেও পাশের ইউনিয়ন ওয়াহেদপুরে দুই বছর ধরে ছাগলের খামারটি করে আসছি। খামারের দেখভাল করার জন্য কর্মচারী রয়েছে। গতকাল রাতে ১২/১৩ জন দুর্বৃত্ত গাড়ি নিয়ে খামারে এসে ধারালো অস্ত্রের মুখে কর্মচারী নুরুল আফছারকে চোখ বেঁধে জিম্মি করে রাখে। এরপর খামারে থাকা ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে ওই দুর্বৃত্তরা। লুট হওয়া সব ছাগলের আনুমানিক বাজারমূল্য ছয় লাখ টাকার মতো। এছাড়া দুর্বৃত্তরা খামার থেকে সিসিটিভি ক্যামেরার ডিস্ক ও ছাগলের খাদ্যের বস্তা নিয়ে গেছে। বিষয়টি নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়েছে।

এ ব্যাপারে নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, কর্মচারীকে বেঁধে একটি খামারের কিছু ছাগল লুট করার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ