১৯ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে ৭ উপজেলায় শতাধিক গ্রামে আজ থেকে রোজা শুরু

চট্টগ্রামের সাতটি উপজেলায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজানের রোজা পালন শুরু হয়েছে।

চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা প্রতি বছরের মতো একদিন আগেই রোজা পালন করছেন। গতকাল মঙ্গলবার রাতে তারাবির নামাজ ও সেহেরি খেয়ে সিয়ামসাধনা শুরু করেছেন তারা।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা এ অনুশাসন পালন করেন। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া উপজেলার অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ দরবারের অনুসারী। ২০০ বছরের বেশি সময় ধরে অনুসারীরা এমন অনুশাসন মেনে আসছেন। সারা বিশ্বের মুসলমানদের একই সঙ্গে ধর্মীয় অনুশাসন পালনের ধারণা নিয়ে মির্জাখীল দরবার অনুসারীরা রোজা, কোরবানি ও ঈদ পালন করেন।

মির্জারখীল দরবার শরীফের অনুসারীদের মধ্যে সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, ছোটহাতিয়া, আছারতলি, সাইরতলি, গারাঙ্গিয়া, এওচিয়া, খাগরিয়া, ছদাহা, গাটিয়াডাঙ্গা এবং লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী, ভেল্লাপাড়া গ্রাম উল্লেখযোগ্য।

এ ছাড়াও বোয়ালখালী, চন্দনাইশ, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, নোয়াখালী, চাদঁপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও ভারত, মিয়ানমার, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন স্থানে মির্জাখীল দরবার অনুসারী রয়েছেন।

মির্জারখীল দরবার সূত্রে জানা যায়, প্রায় আড়াই’শ বছর আগে সাতকানিয়া উপজেলার মির্জারখীল গ্রামে হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগীরি (রহ.) হানাফি মাজহাব পৃথিবীর যেকোনো দেশে চাঁদ দেখা গেলে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ সব ধর্মীয় উৎসব পালন করার ফতোয়া দিয়েছেন। তারই ধারাবাহিকতায় মুরিদ ও অনুসারীরা একই নিয়মে সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

এ বিষয়ে মির্জাখীল দরবারের দায়িত্বশীল মুহাম্মদ জালালুল হাই বলেন, আমরা হানাফী মাযহাবের অনুসারী। সে হিসেবে আমাদের নিকটবর্তী সময়ের কম ব্যবধান এবং আমাদের পূর্বের দেশসমুহে চন্দ্র দর্শন বিবেচনায়, দ্রাঘিমাংশ ও অক্ষাংশের হিসেবে চাঁদের অবস্থান এবং মক্কা ও মদীনা শরীফে তথা আরব বিশ্বের চাঁদ দেখার খবর বিভিন্ন দেশি-বিদেশি ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জ্ঞাত হয়ে আজ বুধবার পবিত্র রমজান মাসের সিয়াম পালন শুরু করেছি , ইনশাআল্লাহ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ